রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা না হওয়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত সময়সীমা শেষ হলেও বহু লাইসেন্সকৃত অস্ত্র এখনও মাঠপর্যায়ে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে মামলা দায়েরের জন্য জেলা প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালা উপেক্ষা করে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে বাতিলের প্রক্রিয়া চলছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হবে।
যাচাইয়ে ত্রুটিপূর্ণ হিসেবে প্রমাণিত লাইসেন্সকৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হবে বলেও জানান তিনি। তবে ২০০৯ সালের আগে বৈধভাবে ইস্যু করা অস্ত্রধারীরা নিয়ম অনুযায়ী তাদের অস্ত্র ফেরত পাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থপাচার ও সামাজিক অবক্ষয় রোধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে।
মাঠপর্যায়ে পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
রিপোর্টার্স২৪/ঝুম