রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লিবিয়া–তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।
প্রত্যাবাসিতদের অধিকাংশই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়া–তে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন ও মানবেতর পরিস্থিতির শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। তাদের জন্য তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা, খাবার, চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এজন্য প্রত্যাবাসিতদের নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে, লিবিয়া–এর বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে ভবিষ্যতেও যৌথভাবে কাজ অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম