| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেল আমদানিতে বড় স্বস্তি, দেশে পৌঁছাল ১ লাখ টন ক্রুড অয়েল

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৫:৩৪:৩৯:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
জ্বালানি তেল আমদানিতে বড় স্বস্তি, দেশে পৌঁছাল ১ লাখ টন ক্রুড অয়েল

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফেরাতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এ তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এই পরিস্থিতিতে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে জাহাজটি বাংলাদেশে আসে।

গত ২১ এপ্রিল চীনা জাহাজ নিনেমিয়া যাত্রা শুরু করে এবং প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।

ইতোমধ্যে তেল খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ৪ হাজার টন করে তেল পরিবহন করা যাবে। এতে দিনে প্রায় ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রমে দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজ থেকে কুতুবদিয়া হয়ে পতেঙ্গার ইআরএল পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসেই আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর বড় এই চালান দেশে আসায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে এবং দেশের রিফাইনারি কার্যক্রমও আবার স্বাভাবিক গতি পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪