| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাফুফের

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০০:২৯:১৮:পূর্বাহ্ন  |  ৮১ বার পঠিত
পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাফুফের

স্টাফ রিপোর্টার: পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের পাশেই আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ৩৮ একর জমির একটি সম্ভাব্য স্থান বিবেচনায় নেওয়া হচ্ছে।

নিজস্ব হোম ভেন্যু গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাফুফের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং গভর্ন্যান্স রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী।

বৈঠকে ফুটবলের জন্য ক্রিকেটের মতো একটি বৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ভেন্যুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের টার্ফেই বাফুফের কার্যক্রম মূলত সীমাবদ্ধ।

বৈঠক শেষে মন্ত্রী আমিনুল হক বলেন, বাফুফেকে ইতিমধ্যে মৌখিকভাবে তিনটি স্টেডিয়াম বরাদ্দের কথা বলা হয়েছে। তবে দেশের ফুটবলের চাহিদা বিবেচনায় তারা একটি স্থায়ী ও নিজস্ব ভেন্যু চাইছে।

তিনি বলেন, বাফুফে একটি নির্দিষ্ট জায়গার প্রস্তাব দিয়েছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, তারা ঢাকার আশপাশের কয়েকটি জায়গার কথা বলেছে। আগে সেসব স্থান সরেজমিনে পরিদর্শন করে পরে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে পূর্বাচলে জমি পেতে বাফুফেকে বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে নামমাত্র মূল্যে জমি বরাদ্দের পুরনো নিয়ম বাতিল করা হয়েছে। ফলে জমি পেতে হলে বাজারদর অনুযায়ী অর্থ পরিশোধ করতে হতে পারে বাফুফেকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪