নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় আলোচিত শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে ফের কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১০ মে) তাকে আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) জানান, জেলার সিনিয়র আইনজীবী মো. হেলাল উদ্দীন মারা যাওয়ায় অন্যান্য আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন। এ অবস্থায় কোনো আইনজীবী না থাকায় উন্মুক্ত আদালতে আসামিকে উপস্থাপন করা হয়নি। ফলে আগামী ২১ মে আসামিকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সে অনুযায়ী জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে আসামিকে আদালতের কাছে উপস্থাপন করা হয়। ডিএনএ সংগ্রহের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ডিএনএ এখনো সংগ্রহ করা হয়নি। এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে ভিকটিম ইতোমধ্যে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে, যেখানে সে ওই শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে। দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
গত সপ্তাহে র্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রিপোর্টার্স২৪/ফয়সাল