রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণে অনাগ্রহী ছিলেন বলে উল্লেখ করেন।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণে আগ্রহী হন বলে জানান।
নিজের পোস্টে তিনি লেখেন, তিনি নিজেকে “সামান্য লেকচারার” এবং “সামান্য মানুষ” হিসেবে দেখেন এবং এত বড় দায়িত্ব গ্রহণ তার জন্য এক ধরনের অভিজ্ঞতা ছিল।
সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তার কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পরিস্থিতি মোকাবেলার অনেক কিছু শিখেছেন।
তিনি জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করেন, যা আগে কোনো প্রক্টর টিমকে মোকাবেলা করতে হয়নি বলে মন্তব্য করেন।
নতুন প্রক্টর ও তার টিমকে শুভ কামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, দায়িত্ব পালন করতে পারা তার জন্য সম্মানের ছিল।
রিপোর্টার্স২৪/ঝুম