| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশি পাহারায় ঢাকায় ফিরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০৯:৫৬:৪১:পূর্বাহ্ন  |  ১৪২০ বার পঠিত
পুলিশি পাহারায় ঢাকায় ফিরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে ঘিরে ঢাকায় ফেরার পথে মাগুরায় সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় নিরাপদে মাগুরা অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

শুক্রবার (২২ মে) রাত প্রায় ১১টার দিকে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে ঢাকায় ফিরবেন—এমন খবর ছড়িয়ে পড়লে ভায়নার মোড়, ঢাকা রোড বাসস্ট্যান্ড, পারনান্দুয়ালীসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ লোকজন অবস্থান নেন।

তবে দীর্ঘ সময় অপেক্ষার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহর পুলিশি নিরাপত্তায় দ্রুত মাগুরা অতিক্রম করে।

এর আগে একই দিন দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। মামলায় ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সফরসঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হয়েছেন বলে মামলায় দাবি করা হয়েছে।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশি পাহারায় মাগুরা অতিক্রম করতে সহায়তা করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ঝিনাইদহের ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪