| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইন প্রতারণার অভিযোগে নেপালে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৯:৩৩:৪৮:অপরাহ্ন  |  ৬০৫ বার পঠিত
অনলাইন প্রতারণার অভিযোগে নেপালে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: অনলাইন স্ক্যাম সেন্টার পরিচালনার অভিযোগে কাঠমান্ডু পুলিশ বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেল থেকে পুলিশ ১৫ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিককে আটক করে।

বিবিসি নেপালি সার্ভিসের সংবাদদাতা অশোক দাহাল জানিয়েছেন, নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা একজন চীনা নাগরিকের চালানো একটি স্ক্যাম সেন্টারে কর্মরত ছিলেন।

ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি বলেছেন, ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজছি।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। তারা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।

পুলিশ সুপার কার্কির মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে এ চক্রটি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, স্থানীয় নেপালিদের নয়, প্রধানত বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকেরা ছিলেন চক্রটির টার্গেট।

শুক্রবার গ্রেপ্তার ১৯ জনকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

জানা গেছে, স্ক্যাম সেন্টার পরিচালনার জন্য পলাতক চীনা নাগরিক থামেল এলাকার একটি পুরো হোটেল ভাড়া নিয়েছিলেন। হোটেলের মালিক প্রতি মাসে সাত লাখ নেপালি রুপি ভাড়ার বিনিময়ে হোটেলটি লিজ দেন।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪