স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জা। একই সঙ্গে দেশে প্রবীণ সেবাব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৩১ মে) গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা বলেন, একটি মায়ের এমন মৃত্যু পুরো সমাজকে নাড়া দিয়েছে। তদন্তের আগেই বাসার ভয়াবহ পরিস্থিতির জন্য পরিবারের সদস্যদের দায় নিতে হবে। তার ভাষায়, এই অবস্থা এক দিনে তৈরি হয়নি, দিনের পর দিন ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রকৃত সূচকগুলোর মধ্যে প্রবীণদের সুরক্ষা ও সেবাও গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ‘এজড কেয়ার’ ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জন্য ‘বাড়িতে থেকে মর্যাদার সঙ্গে বার্ধক্য’ এবং ‘অধিকারভিত্তিক প্রবীণ সেবা’—এই দুটি ধারণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
পোস্টে তিনি বাড়িভিত্তিক সেবা, প্রবীণদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি, সামাজিক বিচ্ছিন্নতা দূরীকরণ এবং তথ্যভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রবীণ সহায়তা কেন্দ্র স্থাপন, বিশেষ স্বাস্থ্যসুবিধা, জেরিয়াট্রিক মেডিসিন ও কেয়ারগিভার প্রশিক্ষণ চালু এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রবীণ সেবা সম্প্রসারণের প্রস্তাব দেন তিনি।
ড. শামারুহ মির্জা বলেন, একটি মুসলিম দেশে বাবা-মায়ের এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। পবিত্র কোরআনে বহুবার মা-বাবার অধিকার ও তাদের প্রতি সদাচরণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টার্স২৪/বাবি