রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটায় দেশে সব প্রতিষ্ঠানেই সরকার হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে ২০২৬–২৭ অর্থবছরের জন্য জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেট উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে সরকার গঠিত না হওয়ায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপের প্রবণতা তৈরি হয়েছে। তার মতে, এর ফলে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে পুরোপুরি সফল হয়নি।
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র পরিচালনায় সততা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কোনো বাজেটই কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি জানান, বিরোধী দল সংসদে অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্য করার প্রস্তাব তুলবে। পাশাপাশি, জনস্বার্থে সরকারের বাজেট প্রস্তাবগুলো সমর্থন বা সমালোচনা উভয় ক্ষেত্রেই গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম