মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভেতরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ডিসি অফিসের ভেতরে তার ওপর হামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ জানান, সম্প্রতি তার ওপর হামলার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদন শেষে ফেরার পথে কার্যালয় প্রাঙ্গণে একদল যুবক তার গতিরোধ করে মারধর করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
এর আগে বুধবার ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, ছাত্রদল নেতাকর্মীরা তাকে ধাওয়া করে হামলার চেষ্টা করেছে। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় থানার দিকে যেতে দেখা যায় এবং পরে তিনি নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নেন।
অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগ অস্বীকার করে বলেন, মাহদীর ফেসবুক লাইভেই অভিযোগের অসারতা প্রমাণ হয়েছে। তার দাবি, ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ডিসি কার্যালয়ের সামনে মারধরের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসা শেষে মাহদী হাসান বাড়ি ফিরে গেছেন।এর আগে বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ড ও বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল।
রিপোর্টার্স২৪/এসসি