স্টাফ রিপোর্টার:প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি মোকাবেলায় দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ঘোষিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বড় বাজেট বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় রোধ, সুশাসন নিশ্চিতকরণ এবং কঠোর তদারকি ও জবাবদিহিতা অপরিহার্য।
তারা বলেন, “বড় বাজেট ঘোষণা করা হলেও যদি ২০-৩০ শতাংশ অর্থ অনিয়ম ও লোপাটে হারিয়ে যায়, তাহলে তা কোনো সুফল বয়ে আনে না। তাই প্রতিটি খাতে প্রয়োজন অনুযায়ী সততার সঙ্গে অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে।”
নেতৃদ্বয় আরও বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর হ্রাস, করমুক্ত আয়ের সীমা বাড়ানো এবং চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি ও লবণসহ প্রায় ৬০টি পণ্যের ওপর কর কমানোর উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।
তারা চিকিৎসা খাতে ব্যয় কমানোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স এবং ক্যানসার চিকিৎসার উপকরণ আমদানিতে কর ও ভ্যাট কমানোর উদ্যোগ জনস্বার্থে ইতিবাচক।
এছাড়া ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের রেলভাড়ায় ছাড়, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগকেও তারা স্বাগত জানান।
তবে তারা সতর্ক করে বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপরও তারা জোর দেন।
নেতৃদ্বয় বলেন, “রাষ্ট্রের অর্থ জনগণের ঘামের টাকা। এর প্রতিটি অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। অতীতের মতো কোনো ধরনের দুর্নীতি বা অপচয় জনগণ আর দেখতে চায় না।”
রিপোর্টার্স২৪/এসসি