| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিজাব-নিকাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০১:৪৭:৩১:পূর্বাহ্ন  |  ২৩৬৪ বার পঠিত
হিজাব-নিকাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে হিজাব-নিকাব ও পর্দা নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাতে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রাত সাড়ে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার অভিযোগ করেন, জাতীয় সংসদে বিরোধী দলের নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দা নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্য এবং এ সময় অন্য সদস্যদের টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানানো ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।

তিনি বলেন, মুখে মদিনা সনদের কথা বলে হিজাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এই দ্বিমুখী নীতি দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। অবিলম্বে সংসদে দেওয়া অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংঘটিত দুই শতাধিক ধর্ষণের ঘটনায় বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি অভিযোগ করেন, বিএনপি ধর্ষকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এবং দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনায় সামাজিক নিরাপত্তাহীনতা বাড়ছে।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, খুন, ধর্ষণ, প্রকাশ্যে গুলি করে হত্যা ও মসজিদে গোলাগুলির মতো ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করছেন না।

ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪