| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১০:৫২:২৪:পূর্বাহ্ন  |  ৩৫১৩ বার পঠিত
এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষাকে সামনে রেখে চূড়ান্ত কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের কোড, কেন্দ্রের নাম, ভেন্যু এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন কেন্দ্রের মধ্যে ঢাকা (মূল কেন্দ্র), মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা-১ (আমুলিয়া), ডেমরা-২ (দারুন্নাজাত), উত্তরা, সাভার ও ধামরাইসহ বিভিন্ন অঞ্চলের মাদ্রাসাগুলোকে নির্দিষ্ট কোড নম্বরসহ পরীক্ষাকেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার আলিম পরীক্ষার কেন্দ্র ও কোড তালিকাভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিস্তারিত আসন বিন্যাস এবং একাধিক প্রশাসনিক নির্দেশনা জারি করেছে। বোর্ডের সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্র ও অন্যান্য গোপনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

পরীক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন জেলা সদরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তারা কেন্দ্র তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনায় কঠোর নীতিমালা অনুসরণ করতে হবে। প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর শিটের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইসঙ্গে উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও গোপনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে। নির্বাচিত কলেজের অধ্যক্ষ অথবা সিনিয়র অধ্যাপক কেন্দ্র প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বেশ কয়েকটি নতুন কেন্দ্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তরার ‘ঢাকা উইমেন্স কলেজ’ এবং খিলক্ষেতের ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’। এছাড়া রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কেন্দ্র ও আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সকল তথ্য নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪