স্পোর্টস ডেস্ক: আক্রমণ ও প্রতি-আক্রমণে ভরা রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। ওল্ড ব্লাকসদের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড এলিজা জাস্ট। আর ইরানকে দুইবারই সমতায় ফেরান রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপে এটি নিউজিল্যান্ডের প্রথম পয়েন্ট; এর আগে দুইবার অংশ নিয়ে ছয় ম্যাচেই হেরেছিল দলটি।
লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে সপ্তম মিনিটেই ইরানকে চাপে ফেলে নিউজিল্যান্ড। দলগত আক্রমণে ক্রিস উডের পাস থেকে সারপ্রীত সিং বল বাড়ান বক্সে, সেখান থেকে লক্ষ্যভেদ করে কিউইদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন এলিজাহ জাস্ট।
পিছিয়ে পড়ে দ্রুতই সমতায় ফেরার চেষ্টা করে ইরান। ২৩তম মিনিটে মেহদি তারেমির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি। তবে ৩২তম মিনিটে আর ভুল করেনি মধ্যপ্রাচ্যের দলটি। নিউজিল্যান্ডের বক্সে তৈরি হওয়া জটলায় দারুণ এক শটে বল জালে জড়িয়ে ইরানকে ১-১ সমতায় ফেরান রামিন রেজাইয়ান। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
বিরতির পর আবারও ম্যাচে আধিপত্য দেখাতে থাকে নিউজিল্যান্ড। ৫৫তম মিনিটে মাঝমাঠে বল হারিয়ে চাপে পড়ে ইরান। সুযোগ কাজে লাগিয়ে ক্রিস উডের পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এলিজাহ জাস্ট। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে বড় জয়ের স্বপ্ন দেখতে থাকে ওশেনিয়ার দলটি।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের নয় মিনিট পর ৬৪তম মিনিটে রেজাইয়ানের ক্রসে দুর্দান্ত হেডে সমতা ফেরান মোহাম্মদ মোহেবি। এরপর শেষ ২০ মিনিটে জয় তুলে নিতে দুই দলই আক্রমণ বাড়ায়। ৮০তম মিনিটে মেহদি তারেমিকে তুলে নিয়ে রক্ষণাত্মক কৌশল নেয় ইরান। যোগ করা অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।
গ্রুপ ‘জি’-তে এর আগে বেলজিয়াম ও মিসরের ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই ম্যাচেই ড্র হওয়া এই গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, আর দ্বিতীয় স্থানে আছে ইরান।