| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুনিয়া-ভিনিসিয়ুসের দাপটে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৯:০৩:০৪:পূর্বাহ্ন  |  ৬৫৮ বার পঠিত
কুনিয়া-ভিনিসিয়ুসের দাপটে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সেলেসাওরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো আনচেলত্তির দল। ১৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের তৈরি করা আক্রমণে কিছুটা সৌভাগ্যের সহায়তায় গোলের দেখা পান ম্যাথিউস কুনিয়া। হাইতির ডিফেন্ডার হেরভে ডেলক্রোইক্স বল ক্লিয়ার করতে গিয়ে কুনিয়ার গায়ে বল লাগিয়ে ফেললে সেটি গড়িয়ে জালে ঢুকে যায়। এতে এগিয়ে যায় ব্রাজিল।

এর কিছুক্ষণ পর ব্রুনো গুইমারাইসের বাড়ানো পাস থেকে রাফিনিয়া একক সুযোগ পেলেও তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও পরে অফসাইডের সংকেত ওঠায় সেই মিস ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত থ্রু পাস পেয়ে হাইতির রক্ষণভাগকে পেছনে ফেলে বক্সে ঢুকে জোরালো শটে বল জালের ছাদে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুর্দান্ত এই গোলে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে আক্রমণে উঠে এসে নিখুঁত ফিনিশিংয়ে হাইতির গোলরক্ষক জনি প্লাসিদেকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলের নিরাপদ ব্যবধান গড়ে নেয় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পাশাপাশি একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়। অন্যদিকে, দ্রুত পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ব্রাজিলের অভিজ্ঞ রক্ষণভাগ ভাঙতে পারেনি হাইতি।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে +৩ গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান দখল করেছে আনচেলত্তির শিষ্যরা। মরক্কোর গোল ব্যবধান +১ হওয়ায় তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

সমালোচনার জবাব মাঠের পারফরম্যান্সেই দিল ব্রাজিল। আর সেই জয়ে বড় অবদান রেখে ম্যাচের নায়ক বনে গেছেন ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪