| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৯:৩৫:৫৩:পূর্বাহ্ন  |  ৫৩৩ বার পঠিত
কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করে সমালোচনার মুখে পড়া ব্রাজিল হাইতির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবীয় দেশটিকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। একই সঙ্গে টানা দুই ম্যাচ হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে ৪ পয়েন্ট পাওয়া মরক্কো (+১) নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্কটল্যান্ড। ফলে শেষ ম্যাচে পয়েন্ট পেলেও শীর্ষ তিনে ওঠার আর কোনো সুযোগ নেই হাইতির।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন বার্সেলোনা তারকা। তবে ২৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষক জনি প্লাসিদে ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন ম্যাথিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় সেলেসাওরা।

৩৬ মিনিটে আবারও ভিনিসিয়ুসের অসাধারণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। রিয়াল মাদ্রিদ তারকার ডিফেন্সচেরা থ্রু পাস ধরে বাঁ পায়ের শক্তিশালী শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

তবে প্রথমার্ধের শেষ দিকে কিছুটা দুশ্চিন্তায় পড়ে ব্রাজিল। ৪০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তার পরিবর্তে নামেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান।

এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষ গোলরক্ষক প্লাসিদেকে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথমার্ধ শেষ হয় ব্রাজিলের ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে আনচেলত্তির শিষ্যরা। ৬৪ মিনিটে কুনহা ও লুকাস পাকেতার পরিবর্তে মাঠে নামানো হয় এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। ৭৮ মিনিটে এনদ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে দ্বিতীয়ার্ধে হাইতিও কয়েকটি বিপজ্জনক আক্রমণ চালায়। ব্রাজিল গোলরক্ষক আলিসন অন্তত দুটি নিশ্চিত গোল রক্ষা করেন। একটি গোললাইন সেভও করে ব্রাজিলের রক্ষণভাগ। ফলে ব্যবধান আর না বাড়লেও স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এই জয় ব্রাজিলকে নকআউট পর্বের লড়াইয়ের আগে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো ফলের বিকল্প নেই আনচেলত্তির দলের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪