| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৪:৪৮:১৩:অপরাহ্ন  |  ৬০৮ বার পঠিত
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আন্তর্জাতিক চুক্তি না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান, সমতা ও স্বাধীনতার ভিত্তিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। আমরা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই এবং তা বাস্তবায়ন করতে চাই। বিরোধী দল হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব, সরকারকে আশ্বস্ত করছি সে দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়। সবকিছু হোক সংসদের ভেতরে। এই সংসদই যেন রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। চুক্তিগুলো সংসদে এলে জনপ্রতিনিধিরা তা জানতে পারবেন এবং এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দুই দেশ সফরের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, উভয় দেশই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তবে তিনি দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, বাংলাদেশ এখনো একটি আমদানিনির্ভর দেশ। রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি হওয়ায় অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় রপ্তানি বহুমুখীকরণ জরুরি।

তিনি বলেন, বর্তমানে আমাদের রপ্তানির প্রধান দুটি খাত হলো তৈরি পোশাক (আরএমজি) এবং জনশক্তি। এই দুই খাতের বাইরে আরও অনেক সম্ভাবনা রয়েছে। সেগুলো কাজে লাগাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আশা করি, প্রধানমন্ত্রী তার সফরে এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন।

পররাষ্ট্রনীতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সব আন্তর্জাতিক সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। সবার আগে দেশের স্বার্থ। যেকোনো চুক্তি হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য বজায় রেখেই ভবিষ্যতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত।

রাজনীতিতে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল শুধু বিরোধিতা করবে এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করতে হবে, তেমনি বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা পালন করা।

তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারলেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪