| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৪:৩১:২২:অপরাহ্ন  |  ১৮৯৫ বার পঠিত
উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি উন্নয়নে বৈষম্য করে, তাহলে প্রয়োজনে ‘বাঘের গর্জন’ করা হবে। সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে, সরকারি দলের এমপিরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলীয় এমপিরা তা পাচ্ছেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে এমন বৈষম্য দেখা গেছে, কিন্তু এখন আর তা মেনে নেওয়া হবে না।

নেত্রকোনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোনায় যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, রয়েছে সিলিকন বালির মতো মূল্যবান সম্পদ। অথচ শিল্প-কারখানা গড়ে ওঠেনি। সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা এবং বাইরের বিনিয়োগকারীরাও এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংসদে একজন সংসদ সদস্য নিজেই বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে দেশে প্রবেশ করে। অথচ তা বন্ধ করা হচ্ছে না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। চাইলে তিনি তার এলাকা দিয়ে মাদক প্রবেশ বন্ধ করতে পারেন।

তিনি আরও বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে একটি বিল আনছে। আমরা চাই, শুধু নিয়ন্ত্রণ নয়—মাদক সম্পূর্ণ নির্মূল করা হোক। বর্তমানে শুধু তরুণ নয়, বয়স্করাও মাদকে আসক্ত হয়ে পড়ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভারত বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি প্রয়োজন হলে আমরাও বুকের সাহস নিয়ে দাঁড়িয়ে যাব। দেশের এক ইঞ্চি জমিও ছাড়ব না, ইনশাআল্লাহ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি, যে সরকারই ক্ষমতায় আসে, তারাই বলে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু সেই উন্নতি কোথায়, তা সাধারণ মানুষই ভালো জানে।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪