স্টাফ রিপোর্টার: অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক একজন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, আবুল কাশেম ফজলুল হকের চিন্তা ও লেখায় সবসময় একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা ও আশাবাদ ফুটে উঠেছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আবুল কাশেম ফজলুল হক কর্মমুখী চিন্তাশীলতার চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্র, সমাজ, মানুষ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, মনোবিজ্ঞান, নীতিবিজ্ঞান, জ্ঞানতত্ত্ব ও ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তার যুক্তিনির্ভর ও গবেষণামূলক লেখনী সমাজের চিন্তা ও বিবেচনাবোধকে সমৃদ্ধ করেছে।
তিনি আরও বলেন, দেশের শ্রমিক-কৃষক, গরিব, মেহনতি ও মধ্যবিত্ত সাধারণ মানুষের প্রতি আবুল কাশেম ফজলুল হকের ছিল গভীর দায়বদ্ধতা। বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে তিনি আজীবন চিন্তা ও লেখালেখি করেছেন।
ন্যাপ মহাসচিব বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে দেশের সমাজ ও রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, গণমুক্তি জোটের মহাসচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলিম সরকার, কম্বাইন্ড লায়নের এম সোহেল আহমেদ মৃধা, বাংলাদেশ কংগ্রেসের অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব