| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফরের যুগ শেষ: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০১:৫৩:৪৫:পূর্বাহ্ন  |  ১০৮৪ বার পঠিত
খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফরের যুগ শেষ: শিক্ষামন্ত্রী

সাভার প্রতিনিধি: সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের সংস্কৃতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগে খিচুড়ি রান্না শেখা বা কচুরিপানা পরিষ্কার দেখার মতো বিষয়েও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের নজির ছিল, তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে নির্ধারিত সময়ে কোর্স শেষ হবে এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ১২ বছরের শিক্ষা সেশনজটমুক্তভাবে সম্পন্ন করা যাবে। শিক্ষার্থীদের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং প্রকৃত ইতিহাস ধাপে ধাপে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে এসব প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, আগামী রোববার বৃত্তির ফল প্রকাশ করা হবে। এবার প্রথমবারের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সুযোগ পাচ্ছে। সরকারি বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা রাখা হয়েছে।

সম্প্রতি ভর্তি পরীক্ষার ফল আগাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, এটি কোনো কারিগরি ত্রুটি ছিল না; একজন অপারেটর আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফল প্রকাশ করেছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪