| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৪:০০:৩৭:অপরাহ্ন  |  ১৭৮ বার পঠিত
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে  কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে বিদেশি কূটনীতিক, সাংবাদিক, সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের মতামত ও সুপারিশ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও আরও পরামর্শ গ্রহণের জন্য ফেরত পাঠিয়েছেন।

তিনি জানান, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় উত্থাপিত আপত্তি ও সুপারিশ পর্যালোচনা করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, অংশীজনদের আরও কোনো প্রস্তাব বা সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। এসব মতামত বিবেচনায় নিয়ে আইনের খসড়া পর্যালোচনা করা হবে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। একইভাবে বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, সরকার এসব আইনি কাঠামোর বাইরে গিয়ে কিছু করছে না এবং ভবিষ্যতেও করবে না। পরামর্শ সভায় অংশ নেওয়া বিভিন্ন অংশীজনের প্রতিক্রিয়া তুলে ধরে আসাদুজ্জামান বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন। পাশাপাশি কিছু বিষয়ে সুপারিশ ও সংশোধনের প্রস্তাবও দিয়েছেন। আলোচনার সময় এসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট করা হয়েছে।

আইনের খসড়া নিয়ে অংশীজনদের প্রস্তুতির সুযোগ দেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, আলোচনার জন্য খসড়াটি এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই সংশ্লিষ্ট অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা বিষয়গুলো পর্যালোচনা করে প্রস্তুতি নিয়ে সভায় অংশ নিতে পারেন।

সাইবার নিরাপত্তা আইনের আওতায় কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা দেখার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

এ ছাড়া আইনের বিভিন্ন ধারায় ব্যবহৃত সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সংজ্ঞাগুলো স্পষ্ট করার পাশাপাশি আইনের দুর্বোধ্যতা দূর করার চেষ্টা করছে।

আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক শব্দ রাখা হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আশা করি না।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪