| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদে সরকারের অনীহা হতাশাজনক: চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৫:৪১:৪৯:অপরাহ্ন  |  ৫৮৯ বার পঠিত
জুলাই সনদে সরকারের অনীহা হতাশাজনক: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা দেশের স্বার্থকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, তারা জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, একটি জাতির উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সৎ নেতৃত্ব ও সঠিক নীতির বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, প্রতারণা বা বিজাতীয় সংস্কৃতির চর্চা করলে তা ইসলামকে প্রতিনিধিত্ব করে না; বরং এসব কর্মকাণ্ড ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং মহানগর উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।

বিশেষ অতিথির বক্তব্যে মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সরকার এক কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান জাতীয় সংসদে কার্যকর বিরোধী দলের অভাব রয়েছে। তার ভাষ্য, বিরোধী দল হিসেবে থাকা জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও কার্যকর ভূমিকা রাখছেন না।

গাজী আতাউর রহমান বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কার্যকর বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪