ময়মনসিংহ প্রতিনিধি: জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে ময়মনসিংহের সিলভার ক্যাসেল রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান সরকার রোকন। এছাড়া রোটারি পিডি ইশতিয়াক জামানসহ রোটারির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ৬৯তম অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারি এ এইচ এম খালেকুজ্জামান। পরে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ২০২৫-২৬ সালের সভাপতি রোটারি মানজুরুল হক কাজল ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতি মো. মনসুর আলম চন্দনকে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় ঢাকা মিডটাউন রোটারি ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন পলাশ ও রোটারি ক্লাব অব ময়মনসিংহের পরিচালক শওকত হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি মো. মনসুর আলম চন্দন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমসহ নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি মো. মনসুর আলম চন্দন ২০২৬-২৭ রোটারি বর্ষের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে রোটারি ক্লাব অব ময়মনসিংহের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব