লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ ও দখলে নিতে ছোট ভাই শরীফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ উঠেছে বড় ভাই ফারুক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ছেলে ফারুক হোসেনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাবা লতিফ পাটোয়ারী।
বুধবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। নিহত শরীফুল ইসলাম রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং রামগঞ্জ উপজেলার রৌশন আলী পাটোয়ারী বাড়ির লতিফ পাটোয়ারীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লতিফ পাটোয়ারী অভিযোগ করেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার বড় ছেলে ফারুক হোসেন মেজো ছেলে মাসুদ আলমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মাসুদ আলম কারাগারে যাওয়ার পর ফারুক তার ৩৫ শতাংশ সম্পত্তি নিজের নামে লিখে নেন। তবে এ সময় তিনি নিজে রেজিস্ট্রি অফিসে যাননি বলে দাবি করেন। তার অভিযোগ, জাল দলিলের মাধ্যমে ওই সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে।
লতিফ পাটোয়ারীর দাবি, মেজো ছেলে মাসুদ কারাগারে থাকা অবস্থায় পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজের নামে নেওয়ার বিষয়টি ছোট ছেলে শরীফুল ইসলাম জানতে পারেন। এরপর চলতি বছরের ৩১ মার্চ শরীফুলকে নিজ ঘরে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাসুদ আলম অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ফারুক হোসেন তাকে, ছোট ভাই শরীফুল ইসলাম, তার স্ত্রী ও শ্যালককে একটি মামলায় আসামি করে কারাগারে পাঠান। তার অভিযোগ, সাজানো মামলার মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়ে বাবার ব্যাংকে থাকা ৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়।
মাসুদ আলম আরও দাবি করেন, পরবর্তীতে বাবার সম্পত্তি দখলে নিতে তাকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা করেন ফারুক। এসব পরিকল্পনার কথা শরীফুল জেনে যাওয়ায় তাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বড় ভাই ফারুক হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লতিফ পাটোয়ারী ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লতিফ পাটোয়ারীর মেয়ে আফরোজা আক্তারও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব