রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কলসতলা চরে অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার বেশি মূল্যের জাল তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালুখালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কলসতলা এলাকার ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্বির মালিকানাধীন চায়না দুয়ারী তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ জাল তৈরির উপকরণ ও বিভিন্ন মেশিন উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এ সময় সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এবং স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো. তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।
জব্দ করা চায়না দুয়ারী জাল হরিনবাড়ীয়া ঘাটে নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া লোহার তৈরি মেশিন ও মোটর সরকারি বিধি অনুযায়ী নিলামের জন্য জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে।
রাজবাড়ী ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন, "রাজবাড়ী জেলার যেকোনো স্থানে অবৈধ চায়না দুয়ারী তৈরির কারখানার তথ্য পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব