নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বাল্যবিবাহের সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করে সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাচাই-বাছাই করে কনের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ১৪ বছর ৩ মাস ৭ দিন পাওয়া যায়। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ অবস্থায় বিয়ের আয়োজনটি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়ের অভিভাবকদের কাছ থেকে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় বিয়ের চেষ্টা করবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব