হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
সভায় দিবসটি উপলক্ষে গ্রহণযোগ্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা, র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজন।
সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে উদ্যাপনে সংশ্লিষ্ট সকল দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান, এলজিইডি কর্মকর্তা বিদ্যুৎ কুমার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, জুলাই বীর যোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট সকাল থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব