| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবকরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করবে: যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ২২:১৩:০২:অপরাহ্ন  |  ১৫৩১ বার পঠিত
যুবকরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করবে: যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক

বগুড়া প্রতিনিধি: পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বায়োগ্যাস প্রযুক্তি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

তিনি বলেন, দেশের যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয় চত্বরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মোতাহার হোসেন বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজ এলাকায় বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জৈব সার উৎপাদন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যুবরা বায়োগ্যাসের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছে।

তিনি আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট দেশের বৃহৎ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সহায়তা করবে এবং গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় ২য় সংশোধিত প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সম্ভাব্য উদ্যোক্তা, বায়োগ্যাস প্ল্যান্ট মালিক এবং আগ্রহী যুবক-যুবতীরা অংশ নেন।

যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমপ্যাক্ট ৩য় পর্যায় প্রকল্প পরিচালক একেএম মফিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. মাহফুজুল ইসলাম।

এ সময় রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট মার্কেটিং এক্সিকিউটিভ মো. ফজলে রাব্বী, জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বায়োগ্যাস প্ল্যান্টের মালিক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪