বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আইসক্রিম ও সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (সন্ধ্যায়) সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অবস্থিত আশা আইসবার ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ সময় বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন এলাকা ও খুচরা দোকানে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে জরিমানা করেন। একই সঙ্গে কারখানায় থাকা প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের মোড়কসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ