বাগেরহাট প্রতিনিধি: রামপাল উপজেলা নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলায় এনজিও ‘আমাদের গ্রাম’-এর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা সভাটি আয়োজন করে।
রামপাল উপজেলা নাগরিক ফোরামের সহসভাপতি লায়লা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাফফর হোসেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন এবং বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক।
সভায় রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে নারী উন্নয়ন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত বিষয়গুলো নিয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণ, তথ্য সংগ্রহের ফরমেট বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সেবা দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ, নাগরিক ফোরামের সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সামাজিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, দুই ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভাতা পাওয়া ও বঞ্চিত ব্যক্তিদের সঙ্গে প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ভাতা কার্যক্রমের সামাজিক নিরীক্ষা করা হবে। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রকল্পের তথ্য কমিউনিটিতে ছড়িয়ে দেওয়া, নতুন উপকারভোগী চিহ্নিত করা এবং তথ্য অধিকার দিবস ও সংলাপ শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সদস্য ও সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো. মোহতাদির, নারী নেত্রী ছবি রানী মণ্ডল, সাবেরা তুলি, মারুদা খাতুন, তসলিমা আক্তার বৃষ্টি, রিক্তা বেগম, সাদিয়া আফরোজ মিম, মো. কবির আকবর, সুষমা বিশ্বাস, ফারহানা আক্তার শীলাসহ অনেকে।
রিপোর্টার্স২৪/রাফিদ