ময়মনসিংহ প্রতিনিধি: "মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উদ্যোগে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকমুক্ত জীবন গঠনের আহ্বান জানানো হয় এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মাদককে 'না' বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব