শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী (৬০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী। বংশীপুর এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড ও পাইপ ব্যবহার করেন এবং হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগীর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থলের কাছে বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহত অবস্থায় মুজিবুর রহমান ঢালীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে এবং অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।
ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য বা মামলা সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ