| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের সহায়তা চাইল বিসিবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ০০:৪৪:৪৮:পূর্বাহ্ন  |  ৭৫১ বার পঠিত
ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের সহায়তা চাইল বিসিবি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে এখনো আনুষ্ঠানিক সম্মতি না পাওয়ায় বিষয়টি এগিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বিসিবির সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভারত সফর বাস্তবায়নে সরকার পর্যায়ে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন তামিম ইকবাল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিরিজটি আয়োজনের বিষয়ে সরকার পর্যায়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চায় বিসিবি। সে লক্ষ্যেই বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোর্ড। প্রস্তাবিত এই সফরে সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

এর আগে ২৯ জুলাই সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, সিরিজটি আয়োজন নিয়ে তারা আশাবাদী। তবে বিষয়টির কিছু দিক বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকায় সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও ইঙ্গিত দেন তিনি।

মূলত ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের এই সফর স্থগিত করা হয়েছিল। পরে সেটি ২০২৫ সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে সিরিজটি আর মাঠে গড়ায়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির পর আবারও সিরিজটি আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময়ে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়টি বিসিবির বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। বোর্ড এখনো তাদের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) চূড়ান্ত করে জমা দেয়নি। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলেও শীর্ষ পর্যায়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, ভারত সফর নিয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এদিকে বৃহস্পতিবার হঠাৎ করেই ভারত সফরে গেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখে আধুনিক ক্রিকেট অবকাঠামো ও প্রশিক্ষণব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। পাশাপাশি ঘরের মাঠে ঝুলে থাকা ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন তারা। যদিও বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তামিম জানিয়েছিলেন, ইতোমধ্যে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বিসিবির। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিমও এ সফরে বিসিবি সভাপতি তামিমের সফর সঙ্গী হিসেবে ভারতে গেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪