| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যানবাহন চুরির আতঙ্ক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ১৬:৫১:১৭:অপরাহ্ন  |  ১৪২৬ বার পঠিত
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যানবাহন চুরির আতঙ্ক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে একের পর এক ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের যানবাহন হাসপাতাল চত্বরে রেখে ভেতরে যাওয়ার পর ফিরে এসে তা আর খুঁজে পাচ্ছেন না। এতে হাসপাতাল প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় যানবাহন চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তার দায়িত্বে ১০ জন আনসার সদস্য মোতায়েন থাকলেও তাদের উপস্থিতির মধ্যেই চুরি হওয়ায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, তার নাতির পা কেটে গেলে জরুরি বিভাগের সামনে ভ্যান রেখে চিকিৎসার জন্য ভেতরে যান। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভ্যান রেখে যাওয়ার পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন সেটি নেই। তিনি বলেন, “এটাই আমার একমাত্র সম্বল ছিল। এখন কীভাবে সংসার চালাবো? আমি এর বিচার চাই।”

হাসপাতালে রোগী দেখতে আসা জাহেরুল ইসলাম বলেন, “আমরা চিকিৎসার জন্য হাসপাতালে আসি। কিন্তু এসে যদি শখের মোটরসাইকেল, অটো বা ভ্যান হারিয়ে যায়, তাহলে এর দায় কে নেবে?”

এক ভ্যানচালক অভিযোগ করেন, জরুরি বিভাগের সামনে ভ্যান রেখে রোগী নিয়ে ভেতরে গেলে ফিরে এসে আর ভ্যান পাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, হাসপাতালে সিসি ক্যামেরা থাকলেও অনেক সময় তা কার্যকরভাবে দেখা যায় না।

সর্বশেষ গত ২৫ জুলাই দুপুর ২টা ২২ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আরও একটি ভ্যান চুরি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

এ বিষয়ে কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরীফ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাহিদ নাজনীন ডেইজি বলেন, “কিছুদিন আগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়েছে। এ ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় থাকলেও কিছু জায়গায় সমস্যা রয়েছে। পাশাপাশি গ্যারেজেরও সমস্যা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এ এলাকায় চুরি হওয়া দুই-তিনটি ভ্যানের বিষয়ে থানায় তথ্য এসেছে এবং দুটি ভ্যান উদ্ধার করা সম্ভব হয়েছে।”

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “২৫ জুলাই হাসপাতাল থেকে ভ্যান চুরির ঘটনা আমরা জানতে পেরেছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে সিসি ক্যামেরার কিছু সংকট রয়েছে এবং একটি গ্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিষয়গুলো নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

স্থানীয়দের দাবি, হাসপাতাল প্রাঙ্গণে আধুনিক ও কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪