গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭টি ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সকালে বন্দী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রিসেপশন (আরপি) চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা নিবিড়ভাবে দেহ তল্লাশি চালান। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব