| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ সেকেন্ডে ২০ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই ভারতীয় গায়ক খুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৪:১৯:৪৬:অপরাহ্ন  |  ৭৭১ বার পঠিত
২৫ সেকেন্ডে ২০ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই ভারতীয় গায়ক খুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়ির কাছে পৌঁছানোর আগেই ওত পেতে থাকা আততায়ীদের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে তাকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩৫ বছর বয়সী এই গায়ককে।

গত বুধবার (২৬ আগস্ট) ভারতের উত্তর প্রদেশের শামলিতে ঘটে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড। ঘটনার পর সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে অঙ্কিতকে হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত ‘গোগি গ্যাং’। তবে গ্যাংটির দাবি ও হত্যার প্রকৃত কারণ এখনো স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন অঙ্কিত। জিম থেকে মাত্র ২০ থেকে ২৫ মিটার দূরে যেতেই হঠাৎ তিন থেকে চারজন সশস্ত্র আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

হামলাটি এত দ্রুত ঘটে যে অঙ্কিতের কিছু বুঝে ওঠার সুযোগও হয়নি বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে অঙ্কিতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি লাগে।

হামলা চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় অঙ্কিতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অঙ্কিত বালিয়ানের ওপর এ প্রাণঘাতী হামলার পেছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ব্যক্তিগত শত্রুতা, গ্যাং-সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো কারণ কোনটি হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আততায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হামলাকারীরা কোন পথে ঘটনাস্থলে এসেছিল এবং হত্যার পর কোন পথে পালিয়ে গেছে, তা শনাক্তেরও চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডের পর সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে অঙ্কিতকে হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত ‘গোগি গ্যাং’। তাদের দাবি, অঙ্কিত গ্যাংটির প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

এ ছাড়া গ্যাংটির সঙ্গে যুক্ত একটি ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিত একটি গান তৈরি করেছিলেন বলেও অভিযোগ করেছে তারা। এসব কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে সামাজিকমাধ্যমের পোস্টে দাবি করা হয়।

গোগি গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। সেখানে ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

তবে সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ফলে গ্যাংটির দায় স্বীকারের বিষয়টি তদন্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

প্রকাশ্যে জিমের বাইরে একজন জনপ্রিয় শিল্পীকে এভাবে গুলি করে হত্যার ঘটনায় শামলিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

পুলিশ এখন হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অঙ্কিতের সঙ্গে কারও সাম্প্রতিক বিরোধ ছিল কি না, তিনি কোনো গ্যাং বা অপরাধীচক্রের সঙ্গে যোগাযোগ রাখতেন কি না এবং তাঁর তৈরি কোনো গানকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল কি নাএসব বিষয় খতিয়ে দেখছে।

অঙ্কিত বালিয়ানের আকস্মিক মৃত্যুতে হরিয়ানভি সংগীতাঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং সামাজিকমাধ্যমে দায় স্বীকার করা পোস্টের সত্যতা যাচাই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪