| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালামের আপিল কার্যতালিকায়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১১:২৩:৩০:পূর্বাহ্ন  |  ৫১৬৪ বার পঠিত
মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালামের আপিল কার্যতালিকায়
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে আজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আবেদনটি শুনানি ও আদেশের জন্য রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আযাদের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। তিনি বলেন, আজ শুনানিও হতে পারে। আবার শুনানি নিয়ে আদেশও দিতে পারেন, দেখি কি হয়। 

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) নির্ধারিত দিনে আদেশ হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় মামলাটি তালিকায় আসেনি। এরপর আজ সেটি আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট আপিল বিভাগ এই দিন নির্ধারণ করেন। ওইদিন আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তারই ধারাবাহিকতায় আজ সেটি কজলিস্টে রয়েছে।

এরও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চান।

আবুল কালাম জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন)। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।

তার বিরুদ্ধে এ-সংক্রান্ত অভিযোগ ওঠার আগে আবুল কালাম বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের অক্টোবরে আবুল কালামের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগেই তার দেশে ফেরার খবর আসে।

চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আবুল কালাম। ওইদিন শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এক আদেশে আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা ও যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন, ততক্ষণ আবুল কালাম যেমন আছেন, তেমনই থাকবেন বলে উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪