| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৫:০৭:৪২:অপরাহ্ন  |  ৩৩৩ বার পঠিত
গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

রাজবাড়ী প্রতিনিধি:‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং 'আমিষেই শক্তি, আমিষেই মুক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ বিভিন্ন পোল্ট্রি হ্যাচারি ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, প্রাণিসম্পদ খাতকে শুধু মাংস, দুধ ও ডিম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রাণীর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, দাঁত, চামড়া, লোমসহ অন্যান্য উপাদানও যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এসব উপাদান ব্যবহার করে ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বিভিন্ন হস্তশিল্প গড়ে তোলা সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতকে আধুনিক, সমৃদ্ধ ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের বাজারে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সক্ষমতাও বাড়াতে হবে। একই সঙ্গে উৎপাদক ও খামারিরা যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করা জরুরি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সপ্তাহের আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয়গুলো আরও গুরুত্ব পাবে বলে আশা করছি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪