| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাতক ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৪:৫১:২৭:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
পলাতক ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনীতিতে কোনো ধরনের অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন, পলাতকরা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। সরকার কোনো ধরনের রক্তপাত চায় না বলেই ধৈর্যের সঙ্গে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রাজনীতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। সরকার কোনো রক্তপাত চায়নি। সে কারণেই ধৈর্যসহকারে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করা হচ্ছে।

দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। সরকার বলপ্রয়োগের পথে যেতে চায় না। তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারের বিষয়ে তিনি বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার নিশ্চিত করা হবে। ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যার পর আবার রাজনীতিতে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতবার স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, ততবারই বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

এদিকে মহান বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। ওই র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন। পুরো ডিসেম্বরজুড়ে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয়ের মাস উদযাপন করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪