| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক বেলা খেতে গিয়ে প্রত্যাহার হলেন ওসি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৯:৪৪:৩২:অপরাহ্ন  |  ৪৩৪ বার পঠিত
এক বেলা খেতে গিয়ে প্রত্যাহার হলেন ওসি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।  আওয়ামী লীগের এক নেতার বাড়িতে খাবার খাওয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিমের অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার ভূমিকা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন দেখা দেয়।

এ ছাড়া গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনাতেও ওসির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিমকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

হযরত আলী মিলন বলেন, ‘শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা আমি জানি না।’

তিনি জানান, বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি রহিমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪