| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সাংবাদিকদের আদালত প্রাঙ্গণ ঘেরাও, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৮:৫৫:৫৪:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
কুষ্টিয়ায় সাংবাদিকদের আদালত প্রাঙ্গণ ঘেরাও, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণ ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বেলা ১১টার পর আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েন সাংবাদিকরা। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিক নেতারা জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেও কর্মসূচি পালনে সহযোগিতা পাওয়া যায়নি। পরে পুলিশের বাধার মধ্যেই আদালত চত্বরে প্রবেশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার পর জামিনে মুক্তি দেওয়ার ঘটনাও তারা প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি কিংবা প্রভাব বিস্তার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। তারা অবিলম্বে সাংবাদিক উল্লাসের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় জেলার সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও আনিসুজ্জামান ডাবলু, সময়ের কাগজের সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিপু খন্দকারসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাস। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪