রাজবাড়ী প্রতিনিধি: দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম দুর্ভোগে পড়েন।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে দুটি ফেরি রয়েছে। এর মধ্যে একটি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরিটিও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌপথটিতে ফেরি সেবা বন্ধ থাকে।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে তাদের সময় ও খরচ দুটোই বেড়ে যায়।
দীর্ঘ ১৬ দিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় এ রুটের যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম