| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যান্সার নিয়ে প্রমাণভিত্তিক তথ্যের নতুন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৬:৫৭:০৬:অপরাহ্ন  |  ৩১৯ বার পঠিত
ক্যান্সার নিয়ে প্রমাণভিত্তিক তথ্যের নতুন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’

বাগেরহাট প্রতিনিধি: ফয়জুল ইসলাম মানিকের উদ্যোগে ক্যান্সার সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক তথ্য রোগী, পরিবার ও চিকিৎসাসংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে দ্বিভাষিক অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’। প্ল্যাটফর্মটির মূল বার্তা“Cancer Explained, Choices Expanded” । ক্যান্সারকে সহজভাবে বোঝানো এবং চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী ও পরিবারের প্রয়োজনীয় তথ্য জানা ও প্রশ্ন করার সুযোগ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

ক্যান্সার শনাক্ত হওয়ার পর রোগী ও পরিবারের সামনে চিকিৎসা, পরীক্ষা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। ইন্টারনেটে ক্যান্সার নিয়ে বিপুল তথ্য থাকলেও সঠিক ও বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি ভুল ধারণা, অতিরঞ্জিত দাবি এবং প্রমাণহীন চিকিৎসার প্রচারণাও রয়েছে। এই বাস্তবতায় বাংলায় ক্যান্সারসংক্রান্ত জটিল বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিতে।

ক্যান্সার প্যারাডক্সের যাত্রা শুরু হয় ‘ক্যান্সার প্যারাডক্স: অমর কোষের মৃত্যুর সন্ধানে’ বইয়ের মাধ্যমে। এর লেখক ফয়জুল ইসলাম মানিক। তিনি অ্যানিমেল সায়েন্স এবং অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। ক্যান্সার বায়োলজি, ক্যান্সার মেটাবলিজম ও আধুনিক অনকোলজি নিয়ে দীর্ঘদিনের ব্যক্তিগত অধ্যয়ন ও অনুসন্ধান থেকেই বইটির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়েবসাইটের ‘Cancer Navigation’ অংশে ক্যান্সারের স্টেজ ও গ্রেড, বিভিন্ন পরীক্ষা, Molecular ও Biomarker Testing, চিকিৎসার বিকল্প এবং চিকিৎসকের কাছে রোগীর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তথ্য দেওয়া হয়েছে। চিকিৎসার সময় সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপির সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং সহায়ক পরিচর্যা নিয়েও আলোচনা রয়েছে। চিকিৎসার পর ফলোআপ ও দীর্ঘমেয়াদি নজরদারির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 ‘Cancer Academy’ অংশে ক্যান্সার প্রতিরোধ, পুষ্টি, ব্যায়াম, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং ক্যান্সার নিয়ে প্রচলিত বিভিন্ন মিথ সম্পর্কে সহজ ভাষায় তথ্য দেওয়া হয়েছে। ‘Therapeutics’ অংশে Photodynamic Therapy, Drug Repurposing, Nutraceutical এবং Metformin ও Statin-এর মতো ওষুধ নিয়ে ক্যান্সার গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া রোগীদের জন্য ‘Patient Profile’ এবং ‘Metabolic Health Check’ নামে শিক্ষামূলক সুবিধা রাখা হয়েছে। তবে এগুলো কোনো রোগ নির্ণয় বা ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়।

প্ল্যাটফর্মটিতে আন্তর্জাতিক গাইডলাইন ও peer-reviewed গবেষণাকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। NCCN, ASCO ও ESMO-এর মতো আন্তর্জাতিক সংস্থার গাইডলাইন এবং গবেষণাপত্রের আলোকে তথ্য উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠিত চিকিৎসা, প্রাথমিক পর্যায়ের গবেষণা ও পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে পার্থক্য স্পষ্ট রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যতে ‘ক্যান্সার প্যারাডক্স ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সার রোগীদের তথ্য ও নেভিগেশন সহায়তা এবং প্রশিক্ষিত ক্যান্সার নেভিগেটর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন উদ্যোক্তা।

ফয়জুল ইসলাম মানিকের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য চিকিৎসার বিকল্প তৈরি করা নয়; বরং রোগী ও পরিবারের জন্য ক্যান্সারসংক্রান্ত জটিল তথ্য সহজ, বোধগম্য ও প্রমাণভিত্তিকভাবে তুলে ধরা। ওয়েবসাইট:* cancerparadox.com, ফেসবুক:* Cancer Paradox, ইউটিউব:* Cancer Paradox


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪