দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন সেনা সদস্য এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে একটি অবৈধ স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য এহসান হাবিব ঘটনাস্থলেই নিহত হন।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোটার্স২৪/আরাফাত