চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও তার ২ সহযোগী ২ লক্ষ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক। চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।
অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য ২ লক্ষ টাকা ঘুস দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন।
তৎপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লক্ষ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব