| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পুকুরে খামারের বর্জ্য ফেলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৮:৫১:২৪:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
চাঁদপুরে পুকুরে খামারের বর্জ্য ফেলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা সদরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার অপরাধে মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভরাটকৃত অংশ খনন করে বর্জ্য আগামী ৭ দিনের মধ্যে পরিবেশসম্মতভাবে অপসারণ ও ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৯নং ওয়ার্ডের উত্তর পশ্চিম বিষ্ণুদি এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা ভঙ্গ করে পুকুরের অংশবিশেষ ভরাট ও খামারের বর্জ্য ফেলায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। জেলা প্রশাসন, চাঁদপুর-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর-এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

​অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪