| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে বিরোধ, উৎসব ও বন্ধন বাস চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ২১:৫৭:৫৫:অপরাহ্ন  |  ৭১৬ বার পঠিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে বিরোধ, উৎসব ও বন্ধন বাস চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নিয়ে বাস মালিক-শ্রমিক ও ছাত্রনেতাদের বিরোধের জেরে উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী এই দুই পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলে শহরের বাস কাউন্টারে গিয়ে প্রতিবাদ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় বাস মালিকপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে ভাড়া নিয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা বাস চালাবেন না। অন্যদিকে ছাত্রনেতাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৩০ টাকা হাফ ভাড়া নিতে হবে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন বলেন, ‘আমাদের গাড়ি চলতাছে। হাফ ভাড়া ৪০ করছিল। তবে আজকে ৩৫ টাকা করে নিতেছিলাম। এরপরে আমাগো ঐ যে ভাড়া বাড়ছে, যে আমাগো ৬০ আর উপরে কত পয়সা জানি আসে। ৬০ টাকা করে নিতাছি। কিন্তু ছাত্রনেতারা এসে বলতাছে ৫৫ টাকা ভাড়া নিতে হবে আর হাফ ভাড়া ৩০ টাকা।’

ছাত্রনেতাদের বিরুদ্ধে কাউন্টারে ভাঙচুরের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা তাদেরকে বলেছি মালিক সমিতির লগে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা সময় না দিয়ে কাউন্টার ভাঙচুর করছে, টেবিল-টুবিল ফালাই দিতাছে। আর যেগুলো বাস ছাড়া হয়েছিল, সেগুলোকে কাউন্টার ধরতে দেয় নাই, খেদায় দিছে।’

এ কারণে মালিকপক্ষ বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে সেলিম হোসেন বলেন, ‘মালিকরা চিন্তা করলো যে আমাদের গাড়ি যখন খেদায় দেয়, টিকেটও কাটতে দেয় না। হেলপাররা হাতে ভাড়া কেটে, কোনোরকম গাড়ি গেছে। এরপরে মালিকেরা গাড়ি বন্ধ করে দিছে। সুতরাং একটার সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না। কারণ আমাদের নিরাপত্তার দরকার আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তো বন্ধ করি নাই। তারা আমাদের গাড়ি চলতে দেয় নাই। কারণ আমরা দুই পক্ষই করলাম, মাঝখান থেকে কেউ গাড়িতে আগুন ধরায় দিলে তখন এই দায়ভার কেডা নিবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের উৎসব ও বন্ধন বাস কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় বাস মালিকপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টার বন্ধ হয়ে যায়।

ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের দাবি, তাদের প্রতিবাদের মুখে প্রায় আধা ঘণ্টা পর কাউন্টার পুনরায় চালু করা হয়। এরপর সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা হাফ ভাড়া নিয়ে কয়েকটি বাস ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে আবার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত হারে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন হারে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভাড়া নিয়ে বিরোধের মধ্যে দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিকল্প হিসেবে অনেক যাত্রীকে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য যানবাহন ব্যবহার করতে দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক কাফী বিন কবির বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে বিআরটিএর লোকজন বাস মালিকদের সঙ্গে কথা বলছে। আমরা আশা করি উভয় পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়টি দ্রুত সমাধান হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪