| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৬:৪৯:১২:অপরাহ্ন  |  ৩৭৪ বার পঠিত
খুলনায় ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একদিনে এটাই চলতি বছরে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে এবং একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২৭৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ৮৮ জন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলার হাসপাতালগুলোতে। সেখানে নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, সাতক্ষীরায় ১৭ জন, নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুরে ৪ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৮১৮ জন।

এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণের পাশাপাশি জ্বরে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবলও বাড়ানো হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নজরুল ইসলাম মঞ্জু জানান, কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বেডের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কেসিসির সঙ্গে নগরীর বিভিন্ন সংগঠন যুক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪