| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২৩:০৫:৫৯:অপরাহ্ন  |  ২১৯ বার পঠিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত দেলাওয়ার হোসেনই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে যেসব উপনির্বাচন ইতিমধ্যে হয়েছে, অন্যান্য সরকারের আমলেও হয়েছে—এটার সুখকর কোনো ইতিহাস আমাদের কাছে নেই। তবে এবার আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর সাহায্য নিয়ে এবং ঠাকুরগাঁও-১ আসনের সব জনগণকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে একটি নতুন ইতিহাস আমরা তৈরি করব, ইনশাআল্লাহ।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আব্দুল আলিম নিজামী এবং বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ। নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে ৯৮৯টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪